ভর্তি পরীক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মশিউর রহমান, বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা আমানুল্লাহ আমান বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ভর্তিচ্ছুরা যাতে নিরাপত্তা হীনতায় না ভুগে তার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ভর্তি–ইচ্ছুকদের আবাসন সংকটের ব্যাপার নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো ফলপ্রসূ ফলাফল পায়নি। প্রশাসনকে বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কোনো নেগেটিভ ধারণা না নিয়ে ফিরতে হয় সে দিকে বিশেষ নজর রাখবেন।

বক্তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে অনেক মেস মালিক বাড়তি টাকা কামানোর ফন্দি করছে। আমরা সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সেই দিকে বিশেষ নজর রাখেন।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি কে এম সাকিবের সভাপতিত্বে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত