করোনাভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের তৈরি আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একটি কার্গো উড়োজাহাজে গতকাল মঙ্গলবার ভোর ৫টায় এ টিকার চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ কথা জানান।
টিকাগ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা দেশে এসেছে। গতকাল আরও ২৫ লাখ ডোজ টিকা এলো। এ নিয়ে ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত কোভ্যাক্স ও সরকারের কেনাসহ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ৫ কোটি ৫৩ লাখ ৭ হাজার ১২০ ডোজ দেশে এসেছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৩০০ ডোজ, সিনোফার্মের ৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার, ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ১৭ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।
