তথ্য অধিকার আইনের সুফল পেতে গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা অভিযোগ করেছেন, ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইনের সুযোগ নিয়ে গোপনীয়তার সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা।
‘তথ্য অধিকার আইন : বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনা সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের আগে তথ্য অধিকার আইনবিষয়ক পলিসি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার প্রান্ত ও ইফফাত হকের সমন্বয়ে গঠিত টিম ‘প্লাগড ইন’।
