কোচ রোনাল্ড কোম্যানের চাকরি সুতোয় ঝুলছে। যেকোনো মুহূর্তে নেমে আসতে পারে খড়গ। বার্সেলোনার একের পর এক ব্যর্থতায় ডাচ কোচকে সরিয়ে দেওয়ার গুঞ্জনও বেশ ভালোভাবে দানা বাঁধছে।
কিন্তু কোম্যান আশাবাদী, টিকে যাওয়ার ব্যাপারে। কারণ একের পর এক ব্যর্থতার পরেও শিষ্যদের পাশে পাচ্ছেন তিনি।
লিসবনে বেনফিকার বিপক্ষে অপমানজনক হারের পরও বার্সার দুই অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ফ্রাঙ্কি ডি ইয়ং সমর্থন জানিয়েছেন কোম্যানকে।
সমর্থকদের অসন্তুষ্টি যে বাড়ছে তা ভালো করেই জানান সাবেক এভারটন কোচ। তবে শিষ্যদের পাশে পেয়ে চাকরির ব্যাপারে একটু হলেও নিশ্চিত থাকতে পারতেন কোম্যান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘খেলোয়াড়রা আমাকে সমর্থন করছে। তাদের মনোভাব আমার পক্ষে।’
চলতি মৌসুমে লা লিগায় তেমন সুবিধাজনক অবস্থায় নেই বার্সা। তার মধ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বেনফিকার বিপক্ষেও সমান ব্যবধানে হেরেছে কোম্যানের দল।
এদিকে, স্বদেশি কোচের সমর্থনে ডাচ মিডফিল্ডার ডি ইয়ং বলেন, ‘আমি মনে করি না, কোচ পরিবর্তন হলে সমস্যার সমাধান হবে। কোম্যানকে নিয়ে কিছু বলতে পারব না। এটা আমার বলার বিষয় নয়।’
