সাংবাদিকদের ফখরুল

সরকারের অধীনে নির্বাচনে বিএনপি অংশ নেবে না

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০১:৫৯ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই হতে পারে না। তবে যদি নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তার অধীনেই নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতি হলেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘এ দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ পাচ্ছে না। শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দল দুর্বিষহ সংকটপূর্ণ পরিস্থতির মধ্য দিয়ে অতিক্রম করছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত