একের পর এক আলোচিত প্রজেক্ট নিয়ে হাজির হচ্ছেন তরুণ নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগেই শেষ করেছেন ‘তালাশ’ সিনেমার কাজ। এবার শুরু করতে যাচ্ছেন ‘নেটওয়ার্ক’ নামের একটি ওয়েব সিরিজ। সৈকত নাসির দেশ রূপান্তরকে জানান, আগামী ১০ অক্টোবর থেকে সিরিজটির শুটিং শুরু করবেন।
সৈকত নাসির বলেন, ‘দক্ষিণ এশিয়ার ড্রাগ ড্রিলিংয়ের নেটওয়ার্কের গল্প নিয়ে নির্মাণ করছি, পাঁচ সিজনের এই ওয়েব সিরিজ। প্রথমে দুটি সিজন শুট করব। প্রতি সিজনে ৮ পর্ব করে থাকবে।’
জানালেন, ভারত ও বাংলাদেশে হবে প্রথম দুই সিজনের শুটিং। এই ওয়েব সিরিজে থাকছেন এক ঝাঁক তারকা। এতে অভিনয় করবেন, সাঞ্জু জন, রিয়েলি আক্তার নিপা, সাজ্জাদ হোসাইন, রাশেদ মামুন অপু, শাকিবা, নওশাবাসহ মোট ৪৮ জন শিল্পী।
ওয়েব সিরিজটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এটি প্রচারিত হবে আই থিয়েটারে।
সৈকত নাসির জানালেন, সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে সিরিজটি। ২০১৮ সালে শ্রীলঙ্কায় গ্রেপ্তার হওয়া মাদক কারবারী সূর্যমণির ঘটনার ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হচ্ছে। ওই সময়ে শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে সূর্যমণি নামে এক নারী গ্রেপ্তার হয়েছিলেন, তার সূত্র ধরে পুলিশ খুঁজে পেয়েছিল মাদকের আন্তর্জাতিক নেটওয়ার্কের।
পরিচালক আরও জানালেন, আগামী নভেম্বরের মধ্যেই দুই সিজনের ১৬ পর্বের শুটিং শেষ করবেন। এই মুহূর্তে প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে নেটওয়ার্ক টিম।
