বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন এডিমন জিনটিং। গতকাল থেকে কান্ট্রি ডিরেক্টর পদে মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিক এডিমন জিনটিং। গতকাল এডিবি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এডিবির ঢাকা অফিস জানিয়েছে, জিনটিং এডিবির বাংলাদেশ কার্যক্রমের পাশাপাশি সরকার, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীদারের সঙ্গে নীতি-সংলাপে নেতৃত্ব দেবেন। এ ছাড়া এডিবি বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ১০০০ থেকে ১২০০ কোটি ডলার দেওয়ার জন্য কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) তৈরি করেছে। ওই সিপিএস কার্যক্রম তদারকি করবেন এডিমন জিনটিং।
এডিমন জিনটিংয়ের পেশাজীবন ২২ বছরের। এডিবিতে কাজ করছেন ১৪ বছর ধরে। তার আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন।
