টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৫:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথসহ আব্দুল মজিদ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার আব্দুল মজিদ টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম গোদারবিল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

তিনি আরও জানান, এতে দুই-তিনজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিলে মোটরসাইকেল থেকে নেমে একজন লোক মধ্যম গোদারবিল এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বিজিবির সদস্যরা বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এতে বাড়িটি থেকে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়িটির ভেতর থেকে ২টি প্যাকেটে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত