যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কারের দাবি জানিয়েছেন দেশটির সিনেটের কয়েকজন সদস্য। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবিরের একাধিক সিনেটর গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ দাবি জানিয়েছেন।
এই সিনেটরদের দাবি, রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের পর্যাপ্তসংখ্যক কূটনীতিককে মস্কো ভিসা না দিলে যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে হবে। এ ব্যাপারে তারা প্রেসিডেন্ট বাইডেনকে চিঠিও দিয়েছেন।
রুশ কূটনীতিকদের বহিষ্কারের দাবি জানানো সিনেটররা হলেনÑ ডেমোক্র্যাট পার্টির বব মেনেনডেজ ও মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান পার্টির জিম রিশ ও মার্কো রুবিও। তারা সিনেটের বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দাবিষয়ক কমিটির নেতা।
প্রেসিডেন্ট বাইডেনকে লেখা চিঠিতে এই সিনেটররা বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিদ্যমান অসমতা অগ্রহণযোগ্য। তাই যুক্তরাষ্ট্রে কর্মরত রুশ কূটনীতিক ও রাশিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সংখ্যায় সমতা আনতে হবে। এ জন্য রাশিয়াকে অবশ্যই পর্যাপ্তসংখ্যক যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ভিসা দিতে হবে।
সিনেটররা চিঠিতে বলেছেন, মস্কো যদি তা না করে তাহলে প্রেসিডেন্ট বাইডেনকে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কার করা উচিত। সিনেটরদের দাবির বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তবে সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এএফপির খবর বলা হয়, সিনেটরদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলমান বিরোধ আরও বাড়তে পারে।
