বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনী তফসিলের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। গতকাল বুধবার চেম্বার আদালতে এ আবেদন করা হয়। এ নির্বাচনে মহাসচিব প্রার্থী দীপ আজাদের পক্ষে আইনজীবী নূরে আলম সিদ্দিকী এ আবেদনটি করেন।
বিএফইউজের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশনাসহ ওই নির্বাচন স্থগিত চেয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানি নিয়ে ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশসহ রুল দেয়। এর ধারাবাহিকতায় হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে এ আবেদন করা হলো। আবেদনকারী আইনজীবী নূরে আলম সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আজ (গতকাল) হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে একটি ফাইল (আবেদন) করেছি। কার্যতালিকায় এলে ১০ অক্টোবর চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে।’
গত ২৫ সেপ্টেম্বর বিএফইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন সংগঠনের নির্বাচনের জন্য আগামী ২৩ অক্টোবর ধার্য করা হয়। নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএফইউজে।
