টানা চতুর্থবার বিসিবি সভাপতি হলেন পাপন

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৪:১৪ পিএম

ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হলেন পাপন। আর টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদে পরিচালক নির্বাচিত হলেন তিনি।

বুধবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে নব-নির্বাচিত বোর্ড পরিচালকরা উপস্থিত হলে তাদের সমর্থনে আনন্দ মিছিল করেন তাদের সমর্থকরা।

এর আগে, বুধবার (৬ অক্টোবর) বিসিবির ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো জয় লাভ করেন পাপন। আবাহনী লিমিটেডের এই কাউন্সিলর ক্যাটাগরি-২ থেকে ৫৭ ভোটের ৫৩টি পেয়ে নির্বাচিত হয়েছেন। আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন পাপন। আর এবারই প্রথম সরাসরি ভোটে জিতে পরিচালক পদে নির্বাচিত হলেন তিনি।  

বিসিবি নির্বাচনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে বেছে নিয়েছেন ২৩ জনকে পরিচালককে। তবে সাতজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আগেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে বোর্ড পরিচালক হন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। পরে মোট ২৫ জন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হন পাপন।

২০১২ সালে সাবেক বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। ২০১৩ ও ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পাপন। এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় পেলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত