করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যদিও গত কয়েক দিন ধরে মৃত্যুর যে ঊর্ধ্বগতি ছিল তাতে কিছুটা লাগাম পড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তও কিছুটা কমেছে আগের দিনের তুলনায়। গত কয়েক দিন ধরেই মৃত্যুর মতো শনাক্তও বাড়ছিল বিশ্বজুড়ে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯০২ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৩১ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৪৯ হাজার ২৫০ জন।
আর তারও আগের দিন বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৫৬ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮ হাজার ৮১৬ জন। আর চার দিন আগে এই সংখ্যা ছিল আরও কম। সেদিন বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ১৩৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫০ হাজার ১২৪ জন।
এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছে ৪৮ লাখ ৪৯ হাজার ৪১১ জন এবং আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৯২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২১ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৩৯৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫০ লাখ ২১ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩০ হাজার ২০৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৪৬৫ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ১৬০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৫৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৮৬৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৮০ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৪১৭ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন। মারা গেছে ২ লাখ ১৩ হাজার ৫৪৯ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।
