ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন জমাদ্দারকে না পেয়ে তার মা হাসিনা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় রিপনের বাবা জালাল জমাদ্দারকেও (৫৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সিঁদ কেটে ১৪-১৫ দুর্বৃত্ত পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন জমাদ্দারের ঘরে ঢোকে। প্রথমে তারা রিপনের খোঁজ করে। না পেয়ে তার মা ও বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। হামলায় বাম হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই হাসিনা বেগমের মৃত্যু হয়। আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে জালাল জমাদ্দারকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়ার আমুয়া হাসপাতালে নেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিপন জমাদ্দার বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়িতে অবস্থান করায় তারা আমার মাকে হত্যা এবং বাবাকে জখম করে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে হাসিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ (গতকাল) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিপন জমাদ্দার মায়ের দাফন শেষে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
