১০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দিলেন মুকেশ আম্বানি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৯:২৮ পিএম

বিশ্বের শত বিলিয়ন ডলার ক্লাবের ১১ তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক ৬৪ বছর বয়সী মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

শুক্রবার মুকেশ আম্বানির প্রতিষ্ঠানের শেয়ার দর রেকর্ড হারে বৃদ্ধি পায়। ফলে, বর্তমানে তার সম্পদের পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে চলতি বছর তার সম্পদ ২৩.৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

১৯৬০ সালে ধীরুভাই আম্বানির হাত ধরে রিলায়েন্সের যাত্রা শুরু। ইয়েমেনে গ্যাস স্টেশনে অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করেন ধীরুভাই। পরবর্তীতে ভারতে ফিরে পলিয়েস্টার সুতার ব্যবসা শুরু করেন। কয়েক বছরের মধ্যে তার ব্যবসার প্রসার ঘটে।

২০০২ সালে মারা যান ধীরুভাই। সে সময় তিনি সন্তানদের মধ্যে সম্পদ বণ্টন করে যেতে পারেননি। ফলে, সম্পত্তি নিয়ে তার দুই পুত্র মুকেশ ও অনিল আম্বানির মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব। ২০০৫ সালে ধীরভাই আম্বানির স্ত্রী কোকিলাবেন তার দুই পুত্রের মধ্যে সম্পদ বণ্টন করেন।

বণ্টন চুক্তি অনুসারে, মুকেশ পান তেল পরিশোধন ও পেট্রোলিয়াম ব্যবসার দায়িত্ব। অন্যদিকে, অনিল আম্বানি বিদ্যুৎশক্তি উৎপাদন, আর্থিক পরিষেবা এবং টেলিকমিউনিকেশন সেবার মতো নতুন খাতগুলোর দায়িত্ব গ্রহণ করেন।

এক সময়ের বিলিয়নিয়ার অনিল আম্বানি গত বছর লন্ডনের এক আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন।

চলতি বছর ভারতের আরেক ধনকুবের গৌতম আদানির সম্পদের পরিমাণও ৩৯.৫ বিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছে। কয়লানির্ভর ও নবায়নযোগ্য জ্বালানির আদানি গ্রুপ নিয়ে গৌতম আদানি ভারতের দ্বিতীয় ধনাঢ্য ব্যক্তি। ভারতের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন প্রযুক্তিখাতের টাইকুন আজিম প্রেমজি। চলতি বছর তার সম্পদ বেড়েছে ১২.৮ বিলিয়ন ডলার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত