নিষেধাজ্ঞা অমান্য করে সাগর ও নদীতে মাছ ধরার দায়ে ১৪৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জব্দ করা হয় বিভিন্ন ধরনের জাল, নৌকা ও বিপুল ইলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর : ২৫ জেলেকে আটক করে নৌ-পুলিশ। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এ সময় ৫৫ লাখ মিটার কারেন্ট জাল, ৪টি মাছ ধরার নৌকা ও দুই মণ ইলিশ জব্দ করা হয়।
চাঁদপুর নৌ থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, ল¹িমারা, লক্ষ্মীরচর, রাজরাজেশ্বর, আমিরাবাদ, লালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আটক জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেছে।
বাউফল (পটুয়াখালী) : বাউফলে ২২ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বাউফল সীমানার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নৌ-পুলিশ তাদের আটক করে। আটক জেলেরা বাউফল ও পাশের ভোলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন জানান, শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বাউফল সীমানার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৬০ কেজি ইলিশ। আটক ২২ জনের মধ্যে ১২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের মুচলেকায় ছেড়ে দিয়ে বাকি ১০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
ফরিদপুর : ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার গভীর রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মৎস্য অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহায়তায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ মা ইলিশ জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে আটক জেলেদের মধ্যে ৮ জনকে দুই মাস করে ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
শিবচর (মাদারীপুর) : শিবচরে ৩০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৬ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে বিকেলে তাদের মধ্যে ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদ- ও ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ফরিদপুর : চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, গোপালপুর ঘাট থেকে স্পিডবোট ও ট্রলারযোগে নমুর ছ্যাম সালেপুর ও সালেপুরের শেষ সীমানা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারা উপজেলার শঙ্খ নদের মোহনা থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার মশারি জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।