ম্যাকসন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একই গ্রুপের বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাকসন্স স্পিনিং মিলসের কোম্পানি সচিব নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনার মধ্যেই ম্যাকসন্স স্পিনিং মিলস ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। অন্যান্য বছরের তুলনায় সর্বশেষ হিসাব বছরে ভালো মুনাফাও করেছে। শেয়ার দরও এক বছরে চার গুণের বেশি বেড়েছে। গত বছরের লোকসান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর কোম্পানির সম্প্রসারণে নানা উদ্যোগ নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রামের মিরসরাই/ফেনী অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমি লিজ নেওয়ার কথা জানায় ম্যাকসন্স স্পিনিং মিলস। এরপর এবার একই গ্রুপের কোম্পানির অর্ধেক মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্র জানিয়েছে, ম্যাকসন্স টেক্সটাইলের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ১৫ কোটি টাকায় ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ মালিকানা বা ১ কোটি ৫০ লাখ শেয়ার কিনবে। জমি ও নগদ টাকার মাধ্যমে ম্যাকসন্স টেক্সটাইলকে শেয়ারের মূল্য পরিশোধ করবে ম্যাকসন্স স্পিনিং মিলস। আশুলিয়ার গৌরীপুরে ম্যাকসন্স স্পিনিং মিলসের মালিকানাধীন ১৯৪ দশমিক ৩৫ ডেসিমেল জমি এবং এর ওপর নির্মিত ৩০ হাজার বর্গফুট আয়তনের ভবন ১২ কোটি ২৫ লাখ টাকা দাম ধরে শেয়ারের বিপরীতে ম্যাকসন্স টেক্সটাইলকে দেওয়া হবে। এর বাইরে নগদে পরিশোধ করবে ২ কোটি ৭৫ লাখ টাকা।
ম্যাকসন্স টেক্সটাইল শতভাগ রপ্তানিমুখী একটি স্পিনিং মিল। এর নির্মাণাধীন কারখানায় ২৫ হাজার ৮২৪টি স্পিন্ডল রয়েছে। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২৭ হাজার কেজি, বছরে যার পরিমাণ দাঁড়াবে ৯৮ লাখ ৫৫ হাজার কেজি। বছরে এই কারখানার সুতা বিক্রি থেকে ২৫০ কোটি টাকা আয় হতে পারে বলে ধারণা করছে কোম্পানিটি। এদিকে কোম্পানিটির গত কয়েক বছরের ইতিহাসে এবারই করোনার মধ্যেই সবচেয়ে ভালো ব্যবসা করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ম্যাকসন্স স্পিনিংয়ের নিট মুনাফা হয়েছে ৪৯ কোটি ৩১ লাখ টাকা, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে কোম্পানিটি সর্বোচ্চ সাড়ে ১১ কোটি টাকার নিট মুনাফা করেছিল।
পরিচালনা পর্ষদের গতকালের বৈঠকে কোম্পানির পরিচালকরা ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরে কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ টাকা নিট লোকসান দিয়েছিল।
