বিশ্বজুড়ে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় শনাক্ত ও মৃত্যু দুই-ই কমেছে। গত সপ্তাহে বিশ্বে ২৮ লাখ ৫৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল। অথচ এর আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ৩১ লাখের বেশি। একইভাবে গত সপ্তাহে বিশ্বে যেখানে ৪৭ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, সেখানে তার আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৫১ হাজার ৫০০। এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, এক সপ্তাহে যত রোগী শনাক্ত হয়েছে তার প্রায় ২২ শতাংশই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে আর সপ্তাহজুড়ে ২১ শতাংশ মৃত্যু হয়েছে দেশটিতে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ^জুড়ে করোনাভাইরাসে ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। এর মধ্যে ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন সুস্থ হয়েছে।
বিশে^ করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জনের। করোনা থেকে সেরে উঠেছে ৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৬৫৪ জন।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৭৫ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৫০ হাজার ৬২১ জন। আর সুস্থ হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ২৯৬ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১৮১। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৮৮০ জন। আর সেরে উঠেছে ২ কোটি ৬ লাখ ৭০ হাজার ৩৪৮ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোয় চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশে^র বেশ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি ফের খারাপ হয়।
