বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশ উপকৃত হয় : তথ্যমন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০২:৪৩ এএম

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একজন সাংবাদিক অকুতোভয়ে বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।’

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে উপহার দেওয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘৮৬ বছর পর দুজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। এ জন্য তারা সবার অভিনন্দন পাওয়ার যোগ্য এবং তারা সব ভয়ভীতি লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের সাংবাদিকরা এতে উৎসাহিত হবেন।’ এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের অনেক ক্ষমতা। সমাজের অনুন্মোচিত বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকদের এ কাজে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান সাংবাদিকদের গাড়ি প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী মোকাবিলা করে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী হিসেবে উপনীত হয়েছেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত