ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেড ও এর উদ্যোক্তা রিপন মিয়ার ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই সময়ে কিউকম ও এর উদ্যোক্তার ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তুলে নেওয়া যাবে না। একই সঙ্গে এই হিসাবগুলোতে কী ধরনের লেনদেন হয়েছে তার যাবতীয় তথ্য বিএফআইইউকে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠিয়ে কিউকম ও তার উদ্যোক্তার ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় বিএফআইইউ। তবে লেনদেনের যাবতীয় তথ্য গতকাল বৃহস্পতিবারের মধ্যেই পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
কিউকম লিমিটেড ছাড়াও রিপন মিয়ার মালিকানাধীন জেএমআর ডিজিটাল ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
এছাড়া পিরোজপুরে গ্রাহকের টাকা আত্মসাতে অভিযুক্ত প্রতিষ্ঠান এহসান গ্রুপ, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, এহসান এমসিএস লিমিটেড, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ, নুরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স নুর জাহান ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, মেসার্স আল্লার দান বস্ত্রালয় ও মেসার্স পিরোজপুর বস্ত্রালয়ের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
এই ১০ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করার পাশাপাশি সম্প্রতি গ্রেপ্তার হওয়া এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান, তার ভাই আবুল বাশার খান, শামীম এহসান, মাহমুদুল হাসান, সালমা হাসান, সুমনা হক রানী, সাইফুল হকের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
