মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:৪৭ এএম

আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। গত শুক্রবার কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলা হয়। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশত মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বিবি ফাতিমা মসজিদে প্রায় ৫০০ মানুষ নামাজ পড়তে এসেছিলেন। হামলার দায় স্বীকার করে শুক্রবার বিবৃতি দিয়েছে আফগান আইএস। জঙ্গিদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে জানায়, মসজিদের দুই জায়গায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা  বলছেন, চার আত্মঘাতী হামলাকারীকে দেখেছেন তারা। গত সপ্তাহের জুমার নামাজের সময় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদেও হামলার দায় স্বীকার করে আইএস।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এ নিয়ে দুইবার হামলার ঘটনা ঘটল। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত