টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল খেলছেন না। দল ঘোষণার আগেই নিজেকে সরিয়ে নেন এই অভিজ্ঞ ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের এই না থাকা নিয়ে আরো একবার কথা বললেন। আর তা বলতে গিয়েই জানালেন, তামিম ছাড়াও আরো এক ক্রিকেটার বিশ্বকাপে খেলতে চাননি।
‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে।’- সোমবার ওমানে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবেই বলেন নাজমুল হাসান পাপন। তবে সেই ক্রিকেটারের নাম বলেননি তিনি।
ইনজুরির কারণে তামিম বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন না তিনি। তবে বিশ্বকাপের আগেই হাঁটুর চোট থেকে সেরে ওঠেন তিনি। কথা ছিল বিশ্বকাপেও খেলবেন।
কিন্তু দল ঘোষণার আগেই তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে হঠাৎই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেন তামিম। গুঞ্জন আছে তামিম অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছেন।
রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের পর তামিমের অভাব অনুভব করছেন অনেকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মিস করছেন দেশ সেরা ওপেনারকে। তার চোখে তামিমই বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। আর এ কথাগুলো বলেই তিনি প্রশ্ন রেখেছেন, এই অভিমান কার সঙ্গে?
সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাপন বলেন, ‘আমার কথা হচ্ছে, এগুলো মনের মধ্যে রাখার তো কিছু নাই। খেললে খেলবে, না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’
তিনি আরো বলেন, ‘কার সাথে অভিমান? দেশের সাথে? এ দেশেই তো থাকছে সে। এই ধরনের ইমোশনের আমার কাছে কোনো জায়গা নেই।’
এরপর তামিমকেই দেশের সেরা ওপেনার আখ্যা দেন পাপন, ‘একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নেই।’
তামিম ইকবাল বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগেও অবশ্য নানা আলোচনা-সমালোচনা হচ্ছিল। টানা তিনটি সিরিজ না খেলে তার সরাসরি বিশ্বকাপে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। আর সেই সমালোচনার মধ্যেই তামিমের ওই ঘোষণা আছে।
পরে তামিম নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যান। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যে টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছিলেন তামিম। অবশ্য আঙুলে চোট পেয়ে ৫ ম্যাচ খেলেই নেপাল থেকে ফিরে আসেন তামিম।
