ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকর্মী সাইফুল ইসলাম রিপনের দাফন বুধবার সম্পন্ন হয়েছে। তিনি মঙ্গলবার দিনগত রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাইপাস অপারেশনের জটিলতাজনিত কারণে সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি সাইফুল ইসলাম রিপনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।
বুধবার বাদ আছর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রামের বাড়িতে জানাজার পর তার দাফন সম্পন্ন হয়। তার এই অকাল মৃত্যুতে সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া গভীরভাবে শোক প্রকাশ করেছে এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এক শোকবার্তায় সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, 'সাইফুল ইসলাম রিপন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রগতিশীল সংস্কৃতিচর্চার অন্যতম সক্রিয় কর্মী। যে কোনো প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন রিপন। মুক্তিযুদ্ধের স্মারকসহ বিভিন্ন দুর্লভ আলোকচিত্র, মুদ্রা সংগ্রাহক হিসেবেও কাজ করেছেন তিনি। তার সংগ্রহ নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক প্রদর্শনী আয়োজন করেছে সাহিত্য একাডেমি। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবেও কাজ করেছেন রিপন। এছাড়া একজন চিত্রশিল্পী, ছড়াকার, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও সংগঠক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই তরুণ সংস্কৃতিকর্মী। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।'
