মাগুরায় সিইসি

নির্বাচনী সহিংসতায় ৪ খুনের ঘটনা অপ্রত্যাশিত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৪৭ এএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পূর্ব-সহিংসতায় মাগুরায় চার খুনের ঘটনাকে অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, এ ঘটনায় নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা আমরা সবসময় চাই এবং হচ্ছেও। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এই প্রতিহিংসাপরায়ণ কার্যক্রম এবং এরকম নৃশংসভাবে জীবন চলে যাওয়া এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘নিহতদের পরিবার-পরিজনকে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। একটা পরিবারের একজন সদস্য এভাবে মৃত্যুবরণ করলে সেটা কত বেদনাদায়ক তা তারাই বুঝতে পারে। আমরা বুঝতে পারি না। এ জাতীয় ঘটনা কখনো ঘটা উচিত নয়। আমি অনুরোধ করব স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিভাবে ব্যবস্থা নিয়ে যেভাবে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এ পরিস্থিতি এভাবে বিরাজমান থাকে সে ব্যাপারে সবার সহযোগিতা দরকার। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ প্রয়োজন। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সবকিছু হয় না। প্রশাসন চলে আইনের মাধ্যমে। যারা এলাকায় থাকেন সামাজিকভাবে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি।’

সিইসি আরও বলেন, ‘যারা প্রকৃত অপরাধী তাদের চিহ্নিত করা হয়। কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন এটির সঙ্গে সম্পৃক্ত না করা হয়। তাদের যেন দোষারোপ করা না হয়। সে ব্যাপারে অত্যন্ত ভেবেচিন্তে প্রশাসনকে কাজ করতে হবে। যাতে নিরপরাধী লোক এ তদন্তের মাধমে আসামি হিসেবে না থাকে। প্রকৃত দোষী ব্যক্তিদের তদন্তের মাধ্যমে কেবলমাত্র তাদের আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে।’

সিইসি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘প্রশাসনিকভাবে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা চাই নির্বাচন সবসময় ঝঞ্ঝাট মুক্ত হবে। যে যার অবস্থানে থেকে প্রচার-প্রচারণা চালাবে সেখানে কেউ বাধা দিতে পারবে না। সবার জন্য গ্রহণযোগ্য আচরণবিধি তৈরি করা আছে। সেটা যদি মেনে চলে তাহলে সংঘাতের কোনো কারণই থাকতে পারে না।’

এ সময় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার আবদুর রশিদ, খুলনার অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

আগামী ১১ নভেম্বর মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে অনুষ্ঠেয় নির্বাচনে ৬২ জন চেয়ারম্যান পদে, ৪৭৬ জন সাধারণ সদস্য ও ১২৮ জন নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নির্বাচনে ১৪১টি কেন্দ্রে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

৪ চার খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে আরেকটি মামলা : মাগুরা সদরের জগদল গ্রামে ইউপি নির্বাচন পূর্বসহিংসতায় চার খুনের ঘটনায় নিহত ইমরানের পরিবারের পক্ষে গত মঙ্গলবার রাতে সদর থানায় ৫২ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা হয়েছে। মামলায় বাদী নিহত ইমরানের মা ফরিদা বেগম। মামলায় প্রধান আসামি করা হয়েছে অন্যপক্ষে নিহত সবুর মোল্যার ভাই দুধু মোল্যাকে। চার খুনের দুই মামলায় আসামি করা হয়েছে ১২০ জনকে।

এদিকে ঘটনার তিন দিন পর গত সোমবার দুপুরে ৬৮ জনকে আসামি করে মামলা করেন নিহত সবুর মোল্যার ছোট ভাই আনোয়ার হোসেন মোল্যা। ইতিমধ্যে এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত