পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। এ বিষয়ে পুলিশ বলছে, এই মোটরসাইকেল চালকের আগে চার হাজার টাকা জরিমানা করা দুটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় এবং মাথায় হেলমেট না থাকায় গতকাল বৃহস্পতিবার সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় নিজের বাইক আগুন দিয়ে পুড়িয়েছিলেন চালক শওকত আলম সোহেল।লালবাগ থানার ওসি এম এম মোরশেদ বলেন, ‘আজ (গতকাল) দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের ডিসকভার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে এক হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।’
ওসি আরও বলেন, ‘ইলিয়াসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি ১৩ বছর দেশের বাইরে ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল। করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেড় মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তিনি ঢাকায় আসেন। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি মেসে থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান। ইলিয়াস দুই সন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের লালবাগ জোনের উপকমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘এক ব্যক্তি ব্যানবেইসের সামনে তার মোটরসাইকেলে আগুন দিয়েছেন। এটা শোনার পর আমি সার্জেন্ট পাঠালাম। সার্জেন্ট আমাকে জানালেন, ওই ব্যক্তি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘণ্টাখানেক আগে পলাশী মোড়ে একটি মামলা দেওয়া হয়েছিল। মামলাটা হলো ওই ব্যক্তির বিরুদ্ধে আগের একটি মামলা ছিল চার হাজার টাকার, যা ডেট (তারিখ) ফেল (মেয়াদোত্তীর্ণ) হয়েছে অনেক আগেই, কিন্তু তিনি তা খারিজ (জরিমানার টাকা জমা) করাননি।’
তিনি আরও বলেন, ‘আজ যখন বাইকচালককে সার্জেন্ট দাঁড় করান, তখন তার মাথায় হেলমেট ছিল না। পলাশী মোড়ে সার্জেন্ট গাড়ি থামানোর পর তিনি হেলমেট মাথায় দেন। পরে আগের মামলার অর্থ পরিশোধ না করার জন্য তাকে এক হাজার টাকার মামলা দেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর ব্যানবেইসের সামনে গিয়ে ওই ব্যক্তি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং তা পুড়ে যায়। গাড়িটিসহ ওই লোককে আমরা থানায় পাঠিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র চালক শওকত আলম সোহেল। তখন রাস্তার ওপর জ্বলন্ত মোটরসাইকেলের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে; বলা হয় ট্রাফিক পুলিশের ‘হয়রানির প্রতিবাদে’ এক ব্যক্তি নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দেন।
