আফগান পরিস্থিতি

বিবাদ মেটাতে কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০২:০৭ এএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। তালেবানের সঙ্গে বিবাদের জেরে বিমান চলাচল বন্ধের পর সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা পুনরুদ্ধারে আলোচনার জন্য গতকাল বৃহস্পতিবার কোরেশি কাবুলে পা রাখেন বলে খবর দিয়েছে তোলো নিউজ।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের দখল নেওয়ার পর কোরেশিই প্রথম দেশটি সফর করছেন। তিনি সফরকারী দলের প্রধান হিসেবে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মানসুর আহমাদ খান বলেছেন, ‘ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যকার যোগাযোগ, বাণিজ্য, পরিবহনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’

তালেবানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘কোরেশির নেতৃত্বে আসা দলটি আফগানিস্তানের ইসলামী আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ছাড়াও সীমান্ত সমস্যা সমাধানে আলোচনা করবে।’

আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তান, চীন, কাতারসহ কিছু দেশ শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে আসছে।

এদিকে কাবুলের প্রতি সমর্থন জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। গত বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানবিক সংকট প্রতিরোধ ও অভিবাসনের ঢেউ কমাতে কাবুলকে কার্যকর আর্থিক এবং মানবিক সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়ার সময় এসেছে।’

জমি-অর্থ পাচ্ছে আত্মঘাতী তালেবান বোমারুদের পরিবার : আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকার ও তাদের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যেসব আত্মঘাতী বোমা হামলা হয়েছে, তাতে জীবন দেওয়ার বোমারুদের প্রশংসা করেছে তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবারকে নগদ অর্থ ও জমি দেওয়ার কথা জানিয়েছে।

গত মঙ্গলবার তালেবানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি জানান, অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিবারকে পোশাক, নগদ ১০ হাজার আফগানি (১১১ ডলার) দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে প্লট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত