বিভেদ-আশাবাদের ‘আইডেন্টিটি’ মঞ্চস্থ

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৩:২৮ পিএম

তখন সন্ধ্যা ৭টা। সিলেটের সংস্কৃতির ঐতিহ্যবাহী স্থান সারদা হল। এর সামনে খড় দিয়ে বানানো এক বৃত্ত, যার মাঝখানে একটু উঁচুতে বসে কেউ একজন বাজাচ্ছেন শঙ্খ। তাকে ঘিরেই চলছে ধূপ-ধুনোর আরতি। এমন সময় আততায়ীদের হামলা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছিল যে দৃশ্যের, মুহূর্তে তা আতঙ্কে রূপ নেয়।

‘আইডেন্টিটি’ নামের নাটকটি বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনয়ে রূপায়ণ করছিল সিলেটের নগরনাট। যার ভাবনা ও নির্দেশনা অরূপ বাউলের।

নাটকে দেখানো হয়, ধর্মের নামে বিভেদ, হামলা ও ভাঙচুরের দৃশ্য। যেখানে মানুষই মানুষের শত্রু! ধর্মের নামে রাজনৈতিক কারণে ভাগ হয়ে যাওয়া মানুষের অধঃপতন। কোনোরকম সংলাপবিহীন গল্পে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা দিয়ে রূপায়ণ করে নগরনাট-এর ইন্টারেকটিভ স্ট্রিট ড্রামা ‘আইডেন্টিটি’।

নাটকে দেওয়া হয়েছে সত্যের বার্তা। বলা হয়েছে, সবার ওপরে মানুষ সত্য, আবার মানুষে বিশ্বাস হারানোও পাপ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। এই সত্যের ওপর দাঁড়িয়ে থাকতে চাওয়াই মূল প্রতিপাদ্য।

নগরনাটের সংগঠক অরূপ বাউল বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যখন রাজনীতি সবকিছু ছাপিয়ে চিন্তাজগতে গেড়ে বসেছে। জাতীয়তাবাদ কিংবা ধর্ম, যে পরিচয়েই হোক, পরিচয়ের রাজনীতির অনিবার্য ফলাফল হচ্ছে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি। এই বিভাজনের ফলে আক্রান্ত হচ্ছে মূলত মানুষ। যে কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটল হিল হোক, ভারতের আসাম হোক আর বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, পীরগঞ্জ হোক- সব জায়গায় একই সংকট। কেউ ছাড়ছে নিজের নিজের মাতৃভূমি, ভিটামাটি।  হারাচ্ছে নিজের পরিচয়। রিফিউজি হয়ে আশ্রয় নিচ্ছে অন্য কোন দেশে।’

তিনি বলেন, ‘বর্তমানে মানুষ পরিচয়টা বিভাজন করা হচ্ছে ধর্মের নামে। দিন দিন আমরা আমাদের প্রথম পরিচয়টাই ভুলে যাচ্ছি। তাই মানুষ পরিচয়টা জাগিয়ে তুলতেই আমাদের এ চেষ্টা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত