দুদিন বন্ধের পর হিলি রেলস্টেশন চালু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১২:০১ এএম

জনবল সংকটের অজুহাত দেখিয়ে বন্ধের দুদিন পর ‘ক্লোজডাউন’ প্রত্যাহার করে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশন আবারও চালু হয়েছে। ফলে স্টেশনের সব সেবা আগের মতো মিলছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।

গতকাল শুক্রবার সকাল থেকে হিলি রেলস্টেশনে স্টপেজ থাকা সব ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে। সকাল সাড়ে ৮টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস এবং সকাল সোয়া ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস হিলি রেলস্টেশনে দাঁড়াতে দেখা গেছে।

স্টেশন সূত্রে জানা যায়, জনবল সংকটের অজুহাতে ২০ অক্টোবর থেকে হিলি রেলস্টেশনটি ‘ক্লোজডাউন’ ঘোষণা করা হয়। ফলে হিলি স্টেশনে স্টপেজ থাকা সব ধরনের ট্রেন প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে ২ নম্বর লাইনে দাঁড়াত। সেটি অনেক উঁচু হওয়ায় ট্রেনে উঠতে বয়স্কসহ নারীদের খুব সমস্যা হয়। উঠতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

রেলওয়ের জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব বলেন, অস্থায়ী জনবল দিয়ে স্টেশনটি পুনরায় চালু করা হয়েছে। স্থায়ী জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত