সরকারের চাপ সত্ত্বেও মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় সত্য বেরিয়ে আসছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এমন দাবি করেন।
রিজভী বলেন, ‘কুমিল্লার পূজামণ্ডপে যে কাণ্ড ঘটনা হয়েছে, এটি পরিকল্পিত এ কথা আগেও বলেছি। আমি যে কথাগুলো বলছি এটা বিএনপির কোনো বক্তব্য না।’
তিনি বলেন, ‘আজকে গণমাধ্যমগুলোতে সরকারের চাপের মুখেও সত্য কথা বেরিয়ে আসছে। সরকার নিজেদের স্বার্থের জন্য এই ঘটনা ঘটিয়েছে।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম- প্রতিটি জায়গায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল। পত্রপত্রিকায় এসেছে যেদিন সকালে কুমিল্লায় পূজামণ্ডপে ওসি সাহেব গেলেন, উনি পূজামণ্ডপ থেকে কোরআন শরিফ তুললেন। উনি কেন এতক্ষণ মিডিয়ার সামনে ধরে রাখলেন।’
‘প্রত্যেকটাতে প্রমাণিত হয় এটি পরিকল্পিত। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বহির্বিশ্বে যে সুনাম রয়েছে, তা এই সরকার বিনষ্ট করেছে’ যোগ করেন তিনি।
রিজভী বলেন, আজকের নিত্যপণ্যের দাম বৃদ্ধি করবে না কেন? ওরা একটা বালিশের দাম নেয় ২২ হাজার টাকা। এই দুর্নীতি এবং তাদের পকেট ভারী করার জন্যই নিত্যপণ্যের দাম বেড়েছে।
তিনি বলেন, সয়াবিন তেল, কাচা মরিচ, পেঁয়াজ, চাল… এশিয়ার মধ্যে বাংলাদেশে চালের দাম সবচেয়ে বেশি। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
