বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৩ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে নভেম্বরে আবাসিক হল খুলে সশরীরে পাঠদান শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বুয়েটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টার দিকে শহীদ মিনারে শিক্ষার্থীরা একত্রিত হয়ে হল খোলার দাবিতে অবস্থান নেন। এর আগে বেলা ১১টায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বরাবর প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
আন্দোলনে শিক্ষার্থীদের হাতে ‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’, ‘আমাদের হল খুলে দিতে হবে’, ‘সারা দেশে অফলাইনে বুয়েট কেন অনলাইনে’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ১ নভেম্বর থেকে ধাপে ধাপে শুরুতে দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থী, এরপর এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হোক।
