পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বের সেরা। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে সরকার আর্থিক সহায়তাও করে যাচ্ছে, যা বিশ্বে বিরল।
গতকাল শনিবার সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভারতের অনেক স্থানে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ হলেও তাদের অনেকেই বানোয়াট প্রচারণা করেছে। তবে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে ভারত।’
করোনাকালে ভ্যাকসিন সংগ্রহে কূটনৈতিক সফলতার জন্য সিলেট জেলা প্রেস ক্লাবের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীকে সম্মাননা জানানো হয়। জিন্দাবাজার এলাকায় ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ড. মোমেন বলেন, ‘দেশে করোনা ভ্যাকসিনের কোনো অভাব নেই। বাংলাদেশও টিকা উৎপাদনে যেতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সব দিকনির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শিতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সবার অবদানেই আমরা করোনাকালে সফল হয়েছি। করোনায় বিশ্বের বহু শক্তিশালী দেশের মৃত্যুর তুলনায় আমাদের দেশে মৃত্যু অনেক কম হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমেও আমরা এগিয়ে রয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের একটি বড় অর্জন।’
জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক রেজওয়ান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এর আগে মন্ত্রী সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয় পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক আনিস রহমান প্রমুখ।
