রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ফারহানার বিষয়ে সিদ্ধান্ত না আসায় অনশনে শিক্ষার্থীরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৪:০৭ এএম

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফারহানা ইয়াসমিনের বরখাস্ত নিয়ে তাদের সঙ্গে লুকোচুরি খেলছে। 

গতকাল শনিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র শামীম হোসেন ও আবু জাফর সাংবাদিকদের বলেন, ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আমরা ক্লাসে ফিরে যাব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী বলেন, তদন্ত প্রতিবেদন ও আইনগত বিষয় আরও স্বচ্ছভাবে পর্যালোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণের জন্য সিন্ডিকেটের সভা মুলতবি করা হয়েছে।

এদিকে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বলেন, এ ঘটনার সাক্ষ্য দিতে তদন্ত কমিটি তাকে ডাকেনি। এমনকি এ সংক্রান্ত কোনো চিঠিও তাকে দেওয়া হয়নি। তার ভাষ্য, এটা তার বিরুদ্ধে একটা চক্রান্ত ও ষড়যন্ত্র।

তবে তদন্ত কমিটির প্রধান ও রবীন্দ্র অধ্যয়নের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল বলেন, নিজেকে বাঁচাতে তিনি (ফারহানা) নানা ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে মিডিয়াকে বিভ্রান্ত করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত