সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে ও হিন্দু সম্প্রদায়ের মানুষের বাসা-বাড়িতে হামলা, সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন আলেম-ওলামারা। কর্মসূচীতে সাম্প্রদায়িকতা প্রতিরোধের আহ্বান জানানো হয়।
রবিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের গণি বেকারি মোড়ে সাম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসবিরোধী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে দারুল উলুম কামিল মাদ্রাসা। এতে সাম্প্রদায়িকতাবিরোধী বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুনসহ সংহতি প্রকাশ করে স্থানীয় কাজেম আলী স্কুল ও কলেজ এবং মঈনউদ্দিন শাহ্ এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আলম দারুল উলুম কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির চেয়ারম্যান চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম বলেন, ‘দুর্গাপূজায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যারা সারা দেশে মণ্ডপে-মন্দিরে, হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, তারা রাসুলের (সা.) সরাসরি নির্দেশের বিরুদ্ধে কাজ করেছে। তারা দেশ, রাষ্ট্র, জাতির বিরুদ্ধে কাজ করেছে। তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি জায়গায় সব আলেম-ওলামাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মহসিন ভূঁইয়া বলেন, ‘মহান আল্লাহর নির্দেশ হচ্ছে কোনো ধরনের হত্যা, সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ডের দিকে যেন মানুষ না যায়। রাসুলের (সা.) কঠোর নির্দেশনা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, সংখ্যলঘুদের ওপর আক্রমণের বিরুদ্ধে। আমি মনে করি, আল্লাহর এই ঘোষণা, রাসুলের (সা.) এই নির্দেশনা অনুযায়ী দুনিয়ার সমস্ত আলেমকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে। এটা তাঁদের নৈতিক দায়িত্ব।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন কাজেম আলী স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষিকা সাদিয়া মুক্তা, দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকী, মঈনউদ্দিন শাহ্ এতিমখানার অধ্যক্ষ আলী নেওয়াজ, মাদ্রাসাশিক্ষক মাহবুবুর রহমান ছিদ্দিকী, হাবিব উল্ল্যাহ প্রমুখ।
