রাফী আমার তৃষ্ণা তীব্র করে তুলেছে: তমা মির্জা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:২৯ পিএম

প্রায় এক দশক বয়স সিনেমা ক্যারিয়ারের— পেয়েছেন পরিচিতি ও জিতেছেন জাতীয় পুরস্কার। এবার ওয়েব ফিল্মে এসে নিজেকে নতুন করে মেলে ধরলেন তমা মির্জা।

সম্প্রতি মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির অন্যতম চরিত্র তমা। যা নিয়ে বেশ আলোচনা ও প্রশংসায় ভাসছেন নায়িকা।

অভিনয়ের এমন সুযোগ নিয়ে উচ্ছ্বসিত তমা ধন্যবাদ জানালেন রাফীকে। জানালেন, তার অভিনয়ের তৃষ্ণা তীব্র করে তুলেছেন নির্মাতা।

সোশ্যাল মিডিয়ায় তমা লেখেন, “জীবন মানুষকে নানান কিছু দেখায়। এখানে পাড় ভাঙা নদীর মতো গল্প লেখা হয়। এই গল্পের এক তীরে যদি ভাঙনের সুর থাকে, অন্য পাড়ে লেখা হতে থাকে নতুন দিনের গান। 'খাঁচার ভেতর অচিন পাখি’, আমার জন্যও তেমন এক নতুন দিনের গানই। এই গানের যিনি সুর বেঁধেছেন, তিনি রাফী।”

তরুণ এ পরিচালককে নিয়ে বলেন, “আমাদের বাংলা চলচ্চিত্রের নতুন দিনের যাত্রার সম্ভবত সবচেয়ে উজ্জ্বল, তরুণ সহযাত্রী। রাফী যা ভাবে, যা দেখে, যা দেখাতে চায়, তার পুরোটা জুড়েই ভেসে ওঠে তার নিজস্ব কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর দর্শকের কাছেও খুব অল্পসময়েই হয়ে উঠেছে দারুণ আপন। যেন তারাও তাদের নিজেদের গল্প ও অনুভব স্পর্শ করতে পেরেছে রাফীর গল্প-ভাষায়।”

এর আগে রাফীর ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অফ ঢাকা’য় অভিনয় করেন তমা। এ প্রসঙ্গে বলেন, ‘ছোট্ট একটা চরিত্র, কিন্তু ওই ছোট্ট চরিত্র দিয়েই যেন নিজেকে নতুন করে ভাবনা কিংবা আবিষ্কারের অবকাশ মেলে আমার।’

নতুন ওয়েব ফিল্ম নিয়ে বলেন, “একজন অভিনেত্রী জীবনজুড়েই নিজেকে আবিষ্কার করতে চান নতুন ভাবনায়, নতুন আয়নায়। আমিও তার ব্যতিক্রম নই। ফলে ওই আবিষ্কারই যেন আমার ভেতরের তীব্র তৃষ্ণাটাকে আরও তীব্র করে তুললো। ‘খাঁচার ভেতর অচিন পাখি’- আমার সেই তেষ্টা মেটানোর স্বচ্ছ শীতল জল। যার প্রতিটি ফোটা আমাকে তৃপ্ত করেছে, আনন্দ দিয়েছে। একইসাথে মুগ্ধ করেছে দর্শকদেরও।”

আরও বলেন, ‘রাফীকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ, আমাকে এভাবে অনুভবের জন্য। আমার ভেতরে গল্প ও চরিত্র উপলব্ধির যে তাড়না লুকিয়ে ছিল, সেটিকে জাগিয়ে তোলার জন্য। একজন নির্মাতা সত্যিকার অর্থেই যে একজন শিল্পীর শিল্পসত্তাকে আন্দোলিত করতে পারে, উদ্দীপ্ত করতে পারে তুমুল সৃষ্টিশীলতায় তার প্রমাণ এই কাজ। প্রিয় রাফী, নিশ্চয়ই আমাদের এই যাত্রা অসাধারণ সব সৃষ্টির সূচনা। নতুন নতুন গল্প, জীবনের অনাবিষ্কৃত আরও অনেক গলিঘুঁজি নিশ্চয়ই সেইসব কাজে উঠে আসবে। হয়ে উঠবে মানুষের গল্প।’

বর্তমানে রাফীর হাতে রয়েছে একাধিক সিনেমা। অন্যদিকে তমা মির্জাও অভিনয় নিয়ে ব্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত