শিক্ষার্থীদের চুল কর্তন

ফারহানার বিষয়ে সময় নিল প্রশাসন আন্দোলন স্থগিত

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:৫২ এএম

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অ্যাকাডেমিক ভবনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি আবদুল লতিফ বলেনথ প্রাথমিকভাবে তদন্তে চুল কাটার প্রমাণ প্রতীয়মান হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আসা বিষয়গুলো পর্যালোচনার জন্য সময় দরকার। এজন্য তিনি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় চান। আমরা শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ওই সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।’ দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের সভাপতিত্বে বৈঠকে রেজিস্ট্রার সোহরাব আলী, মধ্যস্থতাকারী শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ বিষয়টি সমাধানে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। শিক্ষার্থীরাও সেটি মেনে নিয়েছে।’

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন পরীক্ষার হলে ঢুকে প্রথম বর্ষের ১৪ ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ ও শিক্ষিকা ফারহানার অপসারণ দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের মুখে ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

গত ২১ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। পরের দিন শিক্ষিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা মুলতবি করা হলে শিক্ষার্থীরা ফের ক্যাম্পাসে লাগাতার আন্দোলন শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত