তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। দেখা দিয়েছে মানবিক সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, জরুরি সহায়তা দেওয়া না গেলে এবারের শীত মৌসুমে অনাহারে শিশুসহ কয়েক লাখ আফগানের মৃত্যু হতে পারে। ডব্লিউএফপির সতর্কবার্তার দিনেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করেছে দেশটির চরম মানবিক বিপর্যয়ের এক গল্প। ক্ষুধার জ্বালায় নিজেদের মেয়ে শিশুকে বিক্রি করে দেওয়ার সেই করুণ গল্প চোখ ভিজিয়েছে বিশ্ববাসীর।
বিবিসি বলছে, মাত্র ৫০০ ডলারে সন্তানকে বিক্রি করে দেওয়া মায়ের ভাষ্য, অন্য সন্তানদের মুখে খাবার তুলে দিতেই তারা মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন। ছোট্ট ওই শিশুর বাবা আবর্জনা সংগ্রহ করতেন এবং সেই আয় দিয়েই সংসার চালাতেন। তবে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সেই উপার্জনও বন্ধ। তিনি বিবিসিকে বলেন, ‘আমার মেয়ে জানে না তার ভবিষ্যৎ কেমন হবে। আমি জানি না, ভবিষ্যতে তার কেমন লাগবে। কিন্তু আমাকে এটি (সন্তানকে বিক্রি) করতে হলো।’
আর শিশুর মা বিবিসিকে বলেন, ‘আমার অন্য সন্তানরা ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমার মেয়েকে বিক্রি করতে হয়েছে। মেয়েকে বিক্রির প্রয়োজন না হলে খুবই ভালো হতো।’
আফগানিস্তানের হেরাতের মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস হাসপাতালে গিয়েছিলেন বিবিসির ইয়োগিতা লিমায়ে। তিনি বলছেন, ‘ছোট্ট ওই শিশুটি হাঁটতে শুরু করলেই তাকে নিয়ে অন্যত্র চলে যাবেন কিনে নেওয়া ব্যক্তিটি।’
ওই শিশুর বাবা-মা জানিয়েছেন, শিশুকে কিনে নেওয়া ব্যক্তিটি ইতিমধ্যেই ৫০০ ডলারের অর্ধেকেরও বেশি অর্থ তাদের পরিশোধ করেছেন। বাকি টাকা আগামী কয়েক মাসে হাতে পাওয়া যাবে।
