টুইটারে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন হরভজন-আমির

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:০৩ পিএম

শোয়েব আখতারের পর এবার পাকিস্তানের আরেক সাবেক পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে তর্কে জড়ালেন হরভজন সিং। টুইটারে উত্তপ্ত বাক্য-বিনিময় হয়েছে দুজনের মধ্যে। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক আলোচনার উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠেছে।

গত রবিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান। যে কাজ ইমরান খান-ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরা করে দেখাতে পারেননি সেই কাজ করে দেখিয়েছেন বাবর আজম-শাহীন আফ্রিদিরা।

বিশ্বকাপ মঞ্চে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পেল পাকিস্তান। ১০ উইকেটে জয়ের ইতিহাস লেখার পর প্রশংসায় ভাসছেন পাকিস্তানিরা। তবে পরাজয়ের পর চির প্রতিদ্বন্দ্বীদের উচ্ছ্বাস পছন্দ হয়নি অনেক ভারতীয় ক্রিকেটারের। অন্যদিকে জয়ের পর খোঁচা দিয়ে কথা বলেছেন পাকিস্তানি খেলোয়াড়রাও।

image

ভারতের হারের পর হরভজনকে কটাক্ষ আমির টুইট করেন, ‘জানতে ইচ্ছে করছে যে, হরভজন সিং পাজি কি তার টিভি ভেঙে ফেলেছেন? কোনো ব্যাপার না। শেষ পর্যন্ত এটা তো খেলা।’

উত্তরটা যেন আগেই তৈরি করে রেখেছিলেন হরভজন। ৪১ বছর বয়সী ভারতীয় স্পিনার ২০১০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের একটি ম্যাচে আমিরের বোলিংয়ের ভিডিও শেয়ার করে লেখেন, ‘এখন আপনি বলুন, এই ছয়ের ল্যান্ডিং আপনার বাড়ির টিভিতে হয়নি তো? ব্যাপার না, এটা কেবল খেলা মাত্র, ঠিক যেমনটা আপনি বলেছেন।’

জবাবে আমির ভারত-পাকিস্তানের মধ্যকার এক টেস্টের ভিডিও টুইট করে লেখেন, ‘হরভজন সিং আপনার বোলিং দেখছিলেন যখন লালা (শাহিদ আফ্রিদি) আপনাকে ৪ বলে ৪ ছক্কা মেরেছিল। ক্রিকেটে এচটা হতেই পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে... এটা একটু বেশি হয়ে গেছে…।’  

এরপর আমিরকে ম্যাচ ফিক্সিংয়ের খোঁচা দিয়ে ক্ষুব্ধ হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল? কত নিয়েছিলেন, দিয়েছিল কে? টেস্ট ক্রিকেটে নো বল কিভাবে হয়? সুন্দর খেলাটিকে অপমান করার জন্য লজ্জা হওয়া উচিত।’

আমিরের উত্তর, ‘ভাগো ভাগো লালা এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত