অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর পরিচালক নির্বাচিত হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। দেশ রূপান্তর ও দেশ রেডিও’র চেয়ারম্যানও তিনি।
শনিবার সরাসরি ভোটে তিন বছর মেয়াদি অ্যাটকোর এই কমিটিতে পরিচালক নির্বাচিত হন লিয়াকত আলী খাঁন মুকুল।
নির্বাচনে ফের সভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান।
অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পরিচালকরা হলেন- ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, এটিএন বাংলার ড. মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দিন, বৈশাখী টিভির টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, সময় টিভির আহমেদ জোবায়ের, নাগরিক টিভির ড. রুবানা হক, ইটিভির আব্দুস সামাদ ও চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন।
রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন।
তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার এম এম মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বলেন, আশা রাখছি, নতুন কমিটি আরও ভালোভাবে এই দায়িত্ব পালন করবেন। অ্যাটকোর যেসব সমস্যা আছে, তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।
এর আগে সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা।
