ভারতকে হারাতে শাহিন আফ্রিদি হতে চান বোল্ট

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:২০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এ ম্যাচে বিরাট কোহলিদের জন্য বড় হুমকি হতে পারেন অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ড। যিনি ভারতকে হারাতে শাহিন শাহ আফ্রিদি হতে চাইছেন।

গত রবিবার ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নামা ভারতীয়দের শুরুতেই বড় ধাক্কা দেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে। ইনিংসের তৃতীয় ওভারে ফিরিয়ে দেন লোকেশ রাহুলকে।

ট্রেন্ট বোল্ডও শাহিনের মতো এমন ধাক্কা দিতে চান ভারতীয় ব্যাটারদের, ‘শাহিন ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বল করেছিল। আজ আমি শাহিন হতে চাই। ভারতের কোয়ালিটি ব্যাটার রয়েছে। তাই শুরুতেই উইকেট তুলে নিতে হবে আমাদের। আশা করছি শুরুতে কিছুটা সুইং পাব। শাহিন যা করেছে, সেটাই করে দেখাতে চাই।’

ভারতের মতো নিউজিল্যান্ডেরও এটি আসরে দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে তারাও পাকিস্তানের বিপক্ষে হেরেছে। এদিনের ম্যাচের ইতিহাস নিউজিল্যান্ডের পক্ষে কথা বলছে। আইসিসির টুর্নামেন্টে এখন পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।

এদিন যে দল হারতে তাদের বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তাই দুই দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। জেতার জন্য সবরকম ছক সাজাচ্ছে নিউজিল্যান্ড। বোল্ট বলেন, ‘আমাদের দল আত্মবিশ্বাসী। ভারতের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছি। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার নিঃসন্দেহে আদর্শ ফল নয়। কিন্তু ভারতের চ্যালেঞ্জ সামলানোর জন্য আমরা তৈরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত