দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা, থাকতে হবে কোয়ারেন্টিনে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ পিএম

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ে থেকে বুধবার সকাল পৌনে ৯টার দিকে ওমানের মাস্কাট হয়ে ঢাকায় এসে পৌঁছায় টাইগ্রেসরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো নিশ্চিত হয়েছে বিশ্বকাপ।

তবে এমন ঐতিহাসিক অর্জনের পরও উৎসব করার সুযোগ নেই নিগার সুলতানা-সালমা খাতুনদের। দেশে ফেরা পুরো দলকে অন্তত পাঁচ দিন থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৈহিদ মাহমুদ জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ নারী দলকে প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। এর মধ্যে তাদের করোনা পরীক্ষাও দিতে হবে।

করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়ের হারারেতে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব বাতিলের ঘোষণা দেয় আইসিসি। যা আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের জন্য। চূড়ান্ত পর্বের টিকিট পায় সালমা খাতুন-জাহানারা আলমরা।

এর আগে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ওয়ানডে বিশ্বকাপে কখনো খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়।

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলছিল। এখান থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। কিন্তু বাছাই পর্ব বাতিল হওয়ায় এখন র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনটি দল নির্বাচন করে আইসিসি।

র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে মূল পর্বের টিকিট পায় বাংলাদেশ। সঙ্গে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে মূল পর্বে।

স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগে থেকেই মূল পর্ব নিশ্চিত করে রেখেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে পরবর্তী চক্রে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের।

চলতি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা দারুণ ছন্দে ছিল। শক্তিশালী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর যুক্তরাষ্ট্রকে হারায় ২৭০ রানের বড় ব্যবধানে।

তৃতীয় ম্যাচে অবশ্য ডি/এল মেথডে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই আসর স্থগিতের ঘোষণা আসে।

নিউজল্যান্ডে আগামী বছর ৪ মার্চ শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত