শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?
বৃহস্পতিবার সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি তাদের আস্থা নেই বলেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের এমন বক্তব্য শুনলে মনে হয়, বিএনপি নেতারা আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে অবৈধ সরকার’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?
তিনি বলেন, আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।
