চারণকবি বিজয় সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:৩২ পিএম

নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন, বিজয় সরকার ফাউন্ডেশন ও বিজয় সংসদের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী পালন হয়। এ উপলক্ষে কবির বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফখরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কু-ু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ভক্ত ও স্থানীয়দের কাছে তিনি ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত। ‘এ পৃথিবী যেমন আছে, তেমনই ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’-এর মতো তার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। ২০১৩ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তিনি ভারতে পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত