কাদের বললেন

একটি রাজনৈতিক দলের উসকানিতে শিক্ষার্থীরা রাস্তায়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩৭ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের নয়। একটি রাজনৈতিক দলের উসকানিতে শিক্ষার্থীরা

রাস্তায় নেমেছে। ভিডিও ফুটেজ দেখে উসকানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ আয়োজিত সড়ক নিরাপত্তা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নিরাপদ সড়ক এবং অর্ধেক বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সব দাবি মেনে নেওয়ার পরও কাদের অনুপ্রবেশে মধ্যরাতে আন্দোলন হচ্ছে এবং যেকোনো ঘটনা মুহূর্তের মধ্যে বাঁশের কেল্লা লাইভ করছে? স্কুলের পোশাক পরে একটি দলের মহানগরের নেত্রী এসব উসকানি দিচ্ছেন এমন ভিডিও ফুটেজ আছে।’

সম্প্রতি ঘটে যাওয়া দু-তিনটি দুর্ঘটনার তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনা কাম্য নয়, দুঃখজনক। রামপুরায় দুর্ঘটনার পর বিভিন্ন অভিযোগ উঠেছে, প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার ১০-১২ মিনিট পর হাজার হাজার মানুষ কোথা থেকে এলো? এত রাতে দুর্ঘটনার খবর ১০-১২ মিনিটের মধ্যে কীভাবে ছড়াল? মৃত্যুর সংবাদ দুঃখজনক। বিভিন্ন প্রশ্ন থাকার পরও আমরা দুর্ঘটনা এড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি মেনে নিয়েছি। নিরাপদ সড়কের আন্দোলন যে কারণে হচ্ছে, সেই কারণগুলো অযৌক্তিক না, আমি স্বীকার করি। ছাত্রছাত্রীরা যখন আন্দোলন থামিয়ে পড়াশোনায় মনোনিবেশ করছে ঠিক তখনই রাজনৈতিক উসকানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা মহামারীর কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। তারা ক্যাম্পাসে ফিরে যাবে, পড়াশোনায় মনোনিবেশ করবে ছাত্রছাত্রীদের প্রতি এটাই আমাদের পরামর্শ।’

এদিকে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। তারই অংশ হিসেবে গতকাল সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কলাবাগান মাঠসংলগ্ন রাস্তা এবং কাকলি পুলিশ বক্সসংলগ্ন রাস্তায় একযোগে সড়ক নিরাপত্তামূলক রোড শো শুরু হয়েছে। এ কর্মসূচিতে স্টিকার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত