সড়কে অব্যবস্থাপনা

ব্যঙ্গচিত্র দেখিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ এএম

প্রশাসনের এক কর্মকর্তার গলায় দড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছেন এক বাস মালিক। এমন চিত্র হাতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই।’ অন্য এক চিত্রে শিক্ষার্থীদের পুলিশ লাঠি হাতে বলছে, ‘আয়রে তোকে জাস্টিস দিই’। নিরাপদ সড়কের দাবিতে এ রকম নানা ব্যঙ্গচিত্রের মাধ্যমে সড়কের দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন আন্দোলনরত একদল শিক্ষার্থী।

গতকাল রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকার রামপুরা ব্রিজে মানববন্ধনে দাঁড়িয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন এবং নিরাপদ সড়কের দাবিতে সেøাগান দেন।

সড়ক অবরোধের মতন কর্মসূচি থেকে সরে এসে মানববন্ধনসহ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরছেন এসব শিক্ষার্থী।

বাস মালিক ও কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনার পাশাপাশি নিরাপদ সড়কের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের চিত্র তুলে ধরা হয় এসব ব্যঙ্গচিত্রে।

এদিকে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও সারা দেশে গণপরিবহনে অর্ধেক ভাড়া শর্তহীনভাবে কার্যকর করে প্রজ্ঞাপন জারি করাসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আরেকটি দল প্রতীকী লাশ নিয়ে শাহবাগ এলাকায় মিছিল করেছে।

রামপুরায় মানববন্ধন ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর বিক্ষোভ সমাবেশ থেকে আজ সোমবার কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের নেতৃত্বে থাকা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া। তিনি বলেন, সম্প্রতি বাসচাপায় নিহত নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান এবং রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাঈনউদ্দিনসহ অন্যদের স্মরণে রামপুরা ব্রিজেই এ কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত শনিবার একই জায়গায় সড়ক দুর্নীতিতে জড়িতদের উদ্দেশ্যে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন আন্দোলনরত শিক্ষার্থীদের এই দলটি।

তার আগে কয়েক দিন রামপুরা ব্রিজ এলাকাসহ রাজধানীর বেশ কিছু এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করলেও এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সীমিত আকারে ধরন বদলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

গত সোমবার রাতে রামপুরায় অনাবিল ও রাইদা পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে একটি প্রতিবাদী ছবিতে।  সেখানে লেখা হয়েছে, ‘মা আজ রাতে বাসায় ফিরব না।’ আরেক চিত্রে দেখা যায়, ‘পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি বলছেন, কিছু দেখি নাই, কিছু শুনি নাই, কিছু বুঝি নাই, কিছু বলি নাই।’

সরকার বাসের ভাড়া বাড়ানোর পর থেকে শিক্ষার্থীরা আগের মতো অর্ধেক ভাড়া  দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। এর মধ্যে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় আন্দোলন নতুন মাত্রা পায়।

শর্ত সাপেক্ষে পরিবহন মালিকরা ঢাকাসহ সব মহানগরে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা শর্ত মানতে রাজি নন।

‘প্রতীকী লাশের মিছিল’ : শাহবাগে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ডাকা প্রতীকী লাশের মিছিল কর্মসূচিতে ১০-১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে প্রায় শেষ পর্যন্ত শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এর মধ্যেই শিক্ষার্থীরা ‘সড়কে হত্যার শিকার ব্যক্তির প্রতীকী লাশ’ নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা পর্যন্ত মিছিল করেন। রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে আজ সোমবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত