বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল রবিবার রাজধানীসহ দেশ জুড়ে সারা দিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। যা আজ সোমবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে অন্তত আরও একটি নিম্নচাপ হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। দেখা মেলেনি সূর্যের। দিনভর বৃষ্টির কারণে গতকাল রাজধানীর সড়কে অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় জাওয়াদ আজ আরও উত্তর দিকে এগোবে। এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার রাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়। গতকাল দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়।
তিনি বলেন, ‘নিম্নচাপের গতি-প্রকৃতির ওপর নির্ভর করছে বৃষ্টি হবে কি না। তবে এখন পর্যন্ত ধারণা করা যায় সোমবারও বৃষ্টি হবে।’
