হিলিতে আবারও কমতির দিকে পেঁয়াজের দাম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ পিএম

পেঁয়াজের আমদানি কম হলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও কমতির দিকে পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১ টাকা করে। একদিন পূর্বে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৩২ থেকে ৩৩ টাকা বিক্রি হলেও তা কমে এখন ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাড়তি দামের কারণে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা বিপাকে পড়েছেন যার কারণে পেঁয়াজ ক্রয় কমিয়ে দিয়েছেন। অপরদিকে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন মোকামে নূতন পেঁয়াজ ওঠাতে না পারায় সরবরাহ কমায় পুরোনো পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন। এর ওপর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে নৌপথ দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে যার কারণে বাজারে শুধু ভারতীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে চাহিদার তুলনায় কমায় পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে রয়েছে।

তবে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় মোকামগুলোতে পেঁয়াজ ক্রয় কমিয়ে দেওয়ার কারণে চাহিদা কমেছে যার কারণে আমদানি কম হলেও দাম কমেছে। দু-এক দিনের মধ্যে আবহাওয়া ভালো হলে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আবারও কমে আসবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে তবে তা আগের দিনের তুলনায় কিছুটা কম। শনিবার বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৯৪৮টন পেঁয়াজ আমদানি হলেও রবিবার বন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৪০৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত