জিম্বাবুয়ে-ফেরত দুই নারী ক্রিকেটার করোনা আক্রান্ত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৬ এএম

জিম্বাবুয়েতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে গত বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১ ডিসেম্বর ঢাকা বিমানবন্দর থেকে সোজা হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রবেশ করেন নিগার সুলতানারা। গতকাল নারী দলের সেই কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল। নিয়মানুসারে করোনা পরীক্ষাও করা হয়। ফলে দুই নারীর করোনা পজেটিভ ধরা পড়েছে। বিসিবির একজন চিকিৎসক গতকাল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করলেও তাদের নাম জানাননি।

ওই দুই নারী ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা সুস্থ রয়েছেন। হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে আছেন তারা। সতর্কতার জন্য ফের নমুনা নেওয়া হয়েছে ওই দুই ক্রিকেটারসহ বাকি সবার। গত রাতে এর ফলাফল পাওয়ার কথা ছিল। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুজনের করোনায় আক্রান্ত হওয়ার ফলে খেলোয়াড়দের সঙ্গে দেখা না করেই ফেরত আসেন।

করোনার নতুন ধরন ওমিক্রন বিস্তারে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব মাঝপথেই স্থগিত হয়ে যায়। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার জন্য ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী দল। দেশে ফেরার পথে অবশ্য বেশ ঝক্কি পোহাতে হয়েছে নারী দলকে। সংক্রমণ ঠেকাতে বাতিল হয়ে যায় একের পর এক ফ্লাইট। অনেক পথ ঘুরতে হয় তাদের। শুরুতে নামিবিয়া হয়ে তারা পৌঁছায় ওমানে। শেষ পর্যন্ত ওমানের মাস্কাট থেকে ঢাকার একটি ফ্লাইটে ফিরলেও স্বস্তি পেলেন না নারী ক্রিকেটাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত