রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮ এএম

অনিয়মের অভিযোগে শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সাবেক চেয়ারম্যান ড. মকবুল হোসেনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল মঙ্গলবার দেশের কার্যরত ব্যাংকগুলোতে চিঠি দিয়ে ওই কর্মকর্তার নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ। চিঠিতে মকবুল হোসেনের জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা সরবরাহ করা হয়।

জানা গেছে, কলেজের অধ্যক্ষ থাকাকালে অধ্যাপক মকবুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। তারপরও তাকে বিভাগীয় প্রধান করা হয়। পরে প্রেষণে নিয়োগ পান রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে। সেখানেও একের পর এক অনিয়ম ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এমনকি সাংবাদিকের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল মকবুলের বিরুদ্ধে। গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে মকবুল হোসেনকে শিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত