ভুল প্রশ্নপত্রে এইচএসসি দিল ২৩৮ পরীক্ষার্থী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:৩৪ এএম

রাজশাহীতে একটি কেন্দ্রের ২৩৮ পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছে। গতকাল বুধবার রাজশাহী শহরের মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা হয়।

জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের ২০০ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হচ্ছে। গতকাল ১৯৯ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ‘তারা’ নামে সেট-২-এর প্রশ্নপত্রে। শুধু মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ‘তিমি’ নামে সেট-৪-এর প্রশ্নপত্রে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলেজ কর্র্তৃপক্ষ সেট ভুল বুঝতে পেরে বোর্ডকে জানায়। কিন্তু বোর্ড কর্র্তৃপক্ষ নির্দেশনা দিলে ওই প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্র সচিব সালমা শাহাদাত বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে দুটি করে সেট পাঠানো হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষা বোর্ড থেকে এসএমএস দিয়ে নির্দিষ্ট একটি সেটে পরীক্ষা নিতে বলা হয়। এই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এসএমএস ঠিকই এসেছে। তবে সেট-২ বলার পরও ট্যাগ অফিসার হিসেবে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা সেট-৪-এর প্রশ্নপত্র দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে আমরা শিক্ষা বোর্ডে ফোন করে পরামর্শ চাই। তারা ওই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়। এখন সেট-৪-এর প্রশ্নে এখানকার পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য বোর্ডে লিখিত আবেদন করেছি।’

পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীর অভিভাবক নাসির ওয়াহিদ জানান, তার বোন পরীক্ষা দিয়েছে ভুল সেটের প্রশ্নে। রাজশাহী শিক্ষা বোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন হবে সেট-২-এ; শুধু ২৩৮ জনের মূল্যায়ন হবে সেট-৪-এ। সেট-২-এ এবার অঙ্ক ছিল বেশি। আর সেট-৪-এ অঙ্ক ছিল কম। গণিত মিলিয়ে দিতে পারলেই ভালো নম্বর পাওয়া যায়। কিন্তু লিখিত ভালো দিলেও অনেক সময় নম্বর কম হয়। এ কারণে সেট-৪-এর পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘ভুল যে সময় ধরা পড়েছে, তখন কিছুই করার ছিল না। সেট-৪-এর পরীক্ষার্থীদের মূল্যায়নে সেভাবেই নির্দেশনা দেওয়া হবে।’

রাজশাহী বোর্ডের অধীনে আট জেলায় গতকাল রসায়ন বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৮০৮। তাদের মধ্যে ৩৭ হাজার ৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। ৭৪২ জন অনুপস্থিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত