প্রভাবশালী বেসিস্ট শেক্‌সপিয়ার আর নেই

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৪ এএম

প্রভাবশালী জ্যামাইকান রেগে শিল্পী রবি শেক্‌সপিয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

জ্যামাইকা গ্লিনার এক প্রতিবেদনে জানায়, শেক্‌সপিয়ার ফ্লোরিডায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। যেখানে সম্প্রতি তিনি কিডনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

যুগল ব্যান্ড ‘স্লাই অ্যান্ড রবি’র একজন ছিলেন রবি শেক্‌সপিয়ার। এই বিখ্যাত বেসিস্ট ও সংগীত প্রযোজক রেগের সুর এবং ড্যান্সহল সংগীতে বিপ্লব ঘটিয়েছেন। 

জ্যামাইকার সংস্কৃতি মন্ত্রী অলিভিয়া গ্রাঞ্জ শেক্‌সপিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবি শেক্‌সপিয়ার দেশের সেরা সংগীতব্যক্তিত্বদের একজন ছিলেন।

এক বিবৃতিতে অলিভিয়া গ্রাঞ্জ বলেন, ‘স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক শিল্পীর মতো স্লাই অ্যান্ড রবি গানের দল সর্বোচ্চ পর্যায়ে বেস ও ড্রাম বাজিয়েছে।

এছাড়া রেগে সংগীত উপস্থাপক ডেভিড রোদিগান জানান, শেক্‌সপিয়ার যেভাবে তার বেস গিটার বাজাতেন তা অন্য কারও দ্বারা সম্ভব ছিল না।’

প্রায় ৫০ বছরের সংগীত ক্যারিয়ারে ম্যাডোনা, বব ডিলান, পিটার টশ ও গ্রেস জোন্সের মতো সঙ্গীত শিল্পীদের সঙ্গে বাজিয়েছেন শেক্‌সপিয়ার। সেই তালিকায় আছে ‘নো ডাউড’ ও ‘রোলিং স্টোন্স’র মতো ব্যান্ডও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত