টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে দেড় বছরের শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর ভানুয়াবহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ স্বপ্না রানী সরকার গোড়াই নয়াপাড়া গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী। তার ছেলের নাম সিয়ান সরকার।
এলাকাবাসী ও পুলিশ জানান, শুক্রবার দুপুরের পর স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে স্বপ্নার বাগ্বিতণ্ডা হয়। এরপর সুশান্ত মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলে শিশু সন্তানকে নিয়ে তিনি বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের ওই স্থানে যান। সেখানে তিনি শিশু সন্তানকে নিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঘটনাস্থলেই মারা যান।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুজন মারা গেছেন। স্থানীয়রা মরদেহ দুইটি তাদের বাড়ি নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুজনের সঙ্গে ঝগড়ার পর সুশান্ত মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আর বিকেলে স্বপ্না তার ছেলেকে নিয়ে রেল লাইনের দিকে যান।
তিনি আরো জানান, এরপর স্বপ্না ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসীর কাছ থেকে তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হবে।
